তৃনমূলের ঘরছাড়ারা ঘরে ফেরার চেষ্টা করতেই বেধড়ক মারধর - The News Lion

তৃনমূলের ঘরছাড়ারা ঘরে ফেরার চেষ্টা করতেই বেধড়ক মারধর




দি নিউজ লায়ন ;  দীর্ঘ পাঁচ মাস ঘর ছাড়া থাকার পর ঘরে ফেরার চেষ্টা করতেই তাঁদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বিজেপি র বিরুদ্ধে। গত ১ আগষ্ট বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বেলিয়াড়া গ্রামে দুস্কৃতি হামলায় খুন হন উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ বাবর আলি। তারপর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ বিরোধী দলের প্ররোচনায় সে সময় থেকেই ঘরছাড়া হন তৃনমূল পরিচালিত উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান তাসমিনা খাতুন,  প্রধানের স্বামী রহিম মন্ডল সহ প্রায় চল্লিশটি তৃনমূল সমর্থক পরিবার। 


দীর্ঘ পাঁচ মাস ধরে ঘর ছাড়া থাকার পর দিন কয়েক আগে ঘরে ফেরানোর আর্জি নিয়ে বিষ্ণুপুর থানার দ্বারস্থ হয় পরিবারগুলি। ঘরছাড়াদের সেই আবেদনে সাড়া দিয়ে একটি বাসে করে শুক্রবার বিকালে পুলিশ প্রহরায় ঘরছাড়াদের ঘরে ফেরানোর চেষ্টা করে পুপিশ। কিন্তু অভিযোগ বেলিয়াড়া মোড়ে ঘরছাড়াদের বাস পৌঁছাতেই ফের বিজেপি কর্মীরা বাসে হামলা চালায়। বাস থেকে ঘরছাড়াদের নামিয়ে বেধড়ক মারধর করে। 


যথেষ্ট সংখ্যক পুলিশ না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রাথমিক ভাবে বেগ পেতে হয় পুলিশকে।পরে বিষ্ণুপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই হামলার জেরে শুক্রবার আর ঘরে ফিরতে পারেননি তৃনমূলের ঘরছাড়ারা। বিষ্ণুপুরের বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্য বলেন, হামলাকারীরা সকলেই বিজেপির কর্মী বলেই আমরা জানতে পেরেছি। বিষয়টি নিয়ে পদক্ষেপ করার কথা পুলিশকে জানানো হয়েছে। বিজেপির তরফে হামলার অভিযোগ অস্বিকার করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.